
অক্টোবর মাসটা প্রযুক্তি বিশ্বের জন্য বেশ জমকালো হয়ে উঠছে। ২৩শে অক্টোবর অ্যাপল তাদের আইপ্যাড মিনি উদ্বোধন করবে বলে জানা গেছে। ২৯শে অক্টোবর মাইক্রোসফট তাদের সারফেস ট্যাবলেটের মধ্য দিয়ে প্রথমবারের মতো সরাসরি ট্যাবলেট ব্যবসায় নামতে যাচ্ছে। ঠিক সেইদিনই গুগল নিউ ইয়র্কে আরেক অনুষ্ঠানের আয়োজন করেছে। সাধারণত বছরের এই সময়টাতে গুগল নতুন সব নেক্সাস ডিভাইস উদ্বোধন করে থাকে। তাই একাধিক নেক্সাস ডিভাইস উদ্বোধন করা হতে পারে এই ধারণা আগেই করা হয়েছিল।
২৯শে অক্টোবর গুগল নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানের আমন্ত্রণ পাঠিয়েছে বিভিন্ন মিডিয়ার কাছে। এ নিয়ে আমরা আগেই জানিয়েছি। কিন্তু এবার আমরা জানাচ্ছি আসলে কী কী ডিভাইস গুগল ঘোষণা করবে সেদিনের এই অনুষ্ঠানে।
নেক্সাস ৭

দি নেক্সট ওয়েব তাদের সূত্র ও বিভিন্ন ইনভেন্টরি থেকে ফাঁস হওয়া ছবি ও তথ্যের ভিত্তিতে জানিয়েছে, গুগল নেক্সাস ৭ ট্যাবলেটের ৩২ গিগাবাইট সংস্করণটির আনুষ্ঠানিক উদ্বোধন করবে এই অনুষ্ঠানে। ইতোমধ্যেই কিছু কিছু ব্যবহারকারীর হাতে নেক্সাস ৭ এর ৩২ গিগাবাইট পৌঁছে গেছে ও কিছু কিছু ক্রেতাকে নেক্সাস ৭-এর ১৬ গিগাবাইটের বদলে ৩২ গিগাবাইট দেয়া হবে বলে জানানো হয়েছে। এই অনুষ্ঠানে গুগল জানাবে নেক্সাস ৭ ৩২ গিগাবাইটে নতুন আর কোনো সুবিধা রয়েছে কি না (অ্যান্ড্রয়েড ৪.২ সম্ভবত?)।
নেক্সাস ৭-এর ৩২ গিগাবাইট সংস্করণের পাশাপাশি নেক্সাস ৭-এর একটি আলাদা সংস্করণ ঘোষণা করা হবে যেটি HSPA+ নেটওয়ার্ক তথা ৩জি নেটওয়ার্ক সাপোর্ট করবে। ফলে সারাক্ষণ ওয়াই-ফাই হটস্পটের খোঁজে না থেকে ব্যবহারকারীরা তাদের ডিভাইস নিয়ে বাইরেও ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন। তবে এই ৩জি নেটওয়ার্ক সমর্থিত ডিভাইসটি ৩২ গিগাবাইটের হবে নাকি ১৬ গিগাবাইটের সে সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
নেক্সাস ১০
Codename Manta হচ্ছে নতুন একটি ডিভাইসের অভ্যন্তরীন নাম যেটি গুগলের হয়ে কোরিয়ান কোম্পানি স্যামসাং তৈরি করে দিচ্ছে। এর আগে স্যামসাং গুগলের গ্যালাক্সি নেক্সাস ফোন তৈরি করেছে যেটি গুগলের ব্যানারেই বাজারে বিক্রি হচ্ছে। এবার ১০ ইঞ্চি আকারের একটি শক্তিশালী অ্যান্ড্রয়েড ট্যাবলেট তৈরির জন্য আবারও স্যামসাং-এর দ্বারস্থ হয়েছে গুগল।জানা গেছে, এর ডিসপ্লে রেজুলেশন হবে 2560×1600 পিক্সেল ও পিক্সেল পার ইঞ্চি (পিপিআই) হবে ৩০০-এর কাছাকাছি যা আইপ্যাডের চেয়েও অনেক বেশি। গুগল আইপ্যাডের সঙ্গে প্রতিযোগিতা করতেই নতুন এই ডিভাইস বাজারে আনছে বলে জানা গেছে।
আরও পড়ুনঃ আইপ্যাড রুখতে গুগল আনছে হাই-এন্ড নেক্সাস ১০
নেক্সাস ১০ ডিভাইসে চলবে অ্যান্ড্রয়েড ৪.২ যা প্রথমে কি লাইম পাই হবে বলে ধারণা করা হলেও গুগল জানিয়েছে এটি জেলি বিনের একটি মাইনর আপডেট হবে। এটি আইওএস ৬-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে ২৯ তারিখেই এটি অবমুক্ত হবে কি না সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। আর একে নেক্সাস ১০ নামে ডাকা হবে বলেই একাধিক সূত্র দাবি করেছে।
নেক্সাস ৪

এলজির তৈরি নেক্সাস ৪ ফোনের প্রোটোটাইপ ছবি।
এলজির সঙ্গে মিলে গুগল আনছে নতুন আরেক নেক্সাস ফোন। এলজি নেক্সাস ৪ নামের এই ডিভাইস সম্পর্কে বহুদিন ধরেই নানা গুজব প্রচলিত রয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে গুগল কোনো কিছু জানায়নি এই ডিভাইস নিয়ে। অবশ্য সম্প্রতি এই নতুন নেক্সাস ফোনের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে ও এটি ২৯ তারিখেই আলোর মুখ দেখবে বলে জানা গেছে। এলজি নেক্সাস ৪-এ রয়েছে কোয়াড কোর ১.৫ গিগাহার্জ কোয়ালকম এস৪ স্ন্যাপড্রাগন প্রসেসর। ৪.৭ ইঞ্চি আকারের ডিসপ্লেতে থাকছে 1280 x 768 পিক্সেল রেজুলেশন, ২ গিগাবাইট র্যাম, ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ, ৮ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা ও ১.৩ মেগাপিক্সেল সম্মুখবর্তী ক্যামেরা এবং ২১০০ এমএএইচ ব্যাটারি। আর এতে অ্যান্ড্রয়েড ৪.২ সংস্করণটি চলবে বলে জানা গেছে।
আরও পড়ুনঃ একাধিক ইউজার প্রোফাইলের সুবিধা আসতে পারে অ্যান্ড্রয়েড ৪.২-এ
গুগল যদি এই সবগুলো ডিভাইস আনে, তাহলে প্রযুক্তিপ্রেমীদের জন্য সত্যিই প্লে-গ্রাউন্ডে পরিণত হবে নিউ ইয়র্কের এই অনুষ্ঠানস্থল। আর সে জন্যই হয়তো গুগল তাদের আমন্ত্রণপত্রে লিখেছে, The Playground is open. তবে আপনার কোনো চিন্তা নেই। ঘরে বসেই আপনি ইউটিউবে অ্যান্ড্রয়েডের চ্যানেলে সরাসরি দেখতে পারবেন ২৯শে অক্টোবরে গুগলের অনুষ্ঠান। আর যদি দেখতে না পারেন, তাও কোনো অসুবিধা নেই। অ্যান্ড্রয়েড কথন আছে না?!
গুগলের নতুন এসব ডিভাইস সম্পর্কে আপনার কী মত? এগুলোর সবগুলোই বাজারে আসলে কোনটি কিনতে চাইবেন এবং কেন?



good news.kinto bhai bd te price 50000 bdt r kom hobe na.eccha taklo nite parbo na:(
টাকা না থাকলে কিছুই নেয়ার উপায় নেই। 🙁
ummm… iOS 4 এর সাথে প্রতিযোগিতা করতে বোধ হয় না। 4.2 এর ব্যাপারে বলছি। টাইপিং মিস্টেক হয়ত।
ধন্যবাদ ভুলটি ধরিয়ে দেয়ার জন্য। ঠিক করে দেয়া হচ্ছে। 🙂
গ্যালাক্সি এস৩ তে ৪.২ সাপোর্ট করবে নাকি?
সাপোর্ট করার কথা। তবে অফিসিয়াল আসতে অনেক দেরি হবে।